গাজার পুনর্গঠনের জন্য একটি বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। যা তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় চার লাখ নতুন বাড়ি ও একটি বিমানবন্দর নির্মাণের কথা রয়েছে। যেখানে ফিলিস্তিনিরা বসবাস করবে। এছাড়া, সেখানে নির্বাচন আয়োজনের বিষয়টিও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় যুদ্ধ শেষ হলে তারা উপত্যকার নিয়ন্ত্রণ নেবেন। তিনি জানান, গাজার বর্তমান বাসিন্দাদের সরিয়ে সেখানে একটি বিলাসবহুল শহর তৈরি করা হবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই আরব লীগ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। মিসর দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়।
এই প্রকল্প বাস্তবায়নে মোট ৫৩ বিলিয়ন ডলার খরচ হবে। প্রথম ধাপে দুই বছরে ব্যয় করা হবে ২০ বিলিয়ন ডলার। যার মাধ্যমে দুই লাখ নতুন বাড়ি নির্মাণ করা হবে। এছাড়া, প্রথম ধাপের একটি উপ-পর্বে ছয় মাসের মধ্যে গাজার ধ্বংসস্তূপ পরিষ্কার করা ও গাজাবাসীর জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় ধাপে আড়াই বছরের মধ্যে আরও দুই লাখ নতুন বাড়ি ও একটি বিমানবন্দর তৈরি করা হবে। এই পর্যায়ে অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করা হবে।
মিসরের প্রস্তাব অনুযায়ী, পুনর্গঠনের পর গাজার নিয়ন্ত্রণ আর হামাসের হাতে থাকবে না। তার পরিবর্তে সেখানে অনির্দিষ্টকালের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যা মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব পালন করবে।
গাজার নিরাপত্তা ব্যবস্থায়ও বড় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। হামাসের পুলিশ বাহিনীর পরিবর্তে মিসর ও জর্ডানের প্রশিক্ষিত পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, দখলদার ইসরায়েল ফিলিস্তিনের কোনো ভূখণ্ড অধিগ্রহণ বা দখল করতে পারবে না।
গাজার পুনর্গঠনে কারা অর্থায়ন করবে, তা এখনও নিশ্চিত হয়নি। তবে জানা গেছে, এই মাসের শেষ দিকে মিসরের কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এই প্রকল্প বাস্তবায়ন হলে গাজাবাসীর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। তবে রাজনৈতিক বাস্তবতা এবং অর্থায়নের জটিলতা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে।

