বেলুচিস্তানের নোশকি জেলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর (এফসি)-এর একটি কনভয়ে আত্মঘাতী হামলায় তিনজন এফসি সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবারের এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ অনুসারে জানা যায়, বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন এফসি সদস্য ও দুইজন সাধারণ নাগরিক। নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পাল্টা অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়, যাদের একজন ছিল আত্মঘাতী বোমারোহী।
নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন চলছে এবং শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এদিকে নোশকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) জাফরুল্লাহ সুমালানি জানিয়েছেন, হামলায় পাঁচ এফসি সদস্য শহীদ হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, একটি বিস্ফোরকবোঝাই যানবাহন কনভয়ের ওপর আছড়ে পড়ায় এই প্রাণঘাতী হামলা ঘটে।
আহতদের এফসি ক্যাম্প ও নোশকি টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। এসএইচও আশঙ্কা করছেন, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
হামলার নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলাকে ‘নিরীহ মানুষের ওপর বর্বরতা’র চূড়ান্ত রূপ বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, জাতিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে রাষ্ট্রবিরোধী চক্র, তবে এ ধরনের কাপুরুষোচিত হামলা আমাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, বেলুচিস্তানের শান্তি যারা নষ্ট করতে চায়, তাদের পরিণতি হবে ভয়াবহ। এ যুদ্ধ চলবে যতক্ষণ না শেষ সন্ত্রাসী নির্মূল হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলা একটি নিষ্ঠুর কর্মকাণ্ড। জনগণের মনোবল ভাঙা যাবে না, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।
এই হামলা এমন এক সময় ঘটলো যখন বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে।
এর আগের রাতে কোয়েটায় এন্টি-টেররিস্ট ফোর্সের (এটিএফ) গাড়ির কাছে বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত ও ছয়জন আহত হন। এছাড়া সম্প্রতি সিবিতে জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক ঘটনায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের ভেতর ও বাইরের মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে গত এক বছরে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৮১-এ, যা ৪৫ শতাংশ বেশি।
গত মাসে বেলুচিস্তানে ২৪ ঘণ্টায় একাধিক অভিযানে ১৮ সেনা শহীদ ও ২৩ সন্ত্রাসী নিহত হন, জানিয়েছে আইএসপিআর।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিকস)-এর মতে, ফেব্রুয়ারিতে সন্ত্রাসী হামলার সংখ্যা সামান্য বাড়লেও বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

