লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধ না হলে, ইয়েমেনে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় রোববার মার্কিন এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হুতিরা হামলা বন্ধের ঘোষণা দিলেই যুক্তরাষ্ট্রের প্রতিরোধমূলক হামলা থামবে। সূত্র: রয়টার্স
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠী। হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি স্পষ্টভাবে জানান, ওয়াশিংটনের আগ্রাসন থামানো না হলে লোহিত সাগরে মার্কিন জাহাজ তাদের হামলার লক্ষ্য হতে থাকবে।
শনিবার রাতে ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থানে বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ শিশু ও দুজন নারী রয়েছেন। আহত হয়েছেন ৯৮ জন। তবে বেসামরিক প্রাণহানি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেন উপকূলে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুতিরা, যদিও রণতরির নিরাপত্তা বিঘ্নিত হয়নি।
তাদের মতে, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হ্যারি এস. ট্রুম্যানসহ কোনো মার্কিন রণতরির কাছে পৌঁছাতে পারেনি। পাল্টা অভিযানে যুক্তরাষ্ট্র ১১টি হুতি ড্রোন গুলি করে ধ্বংস করেছে।
হুতি রাজনৈতিক ব্যুরো মার্কিন হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়াও।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সামরিক অভিযান। একই সময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক আলোচনায় ফেরাতে চাচ্ছে ওয়াশিংটন।
লোহিত সাগরের বাণিজ্যিক রুটে নিরাপত্তা ফিরিয়ে আনাকেই এই অভিযান চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ হিসেবে উল্লেখ করেন হেগসেথ। তিনি বলেন, ‘‘গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদের ওপর হুমকি বন্ধ করতে হবে। ইরান দীর্ঘদিন ধরে হুতিদের সহায়তা দিচ্ছে- এটাও থামাতে হবে।’’
গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত লোহিত সাগরে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে হুতিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করছে তারা। যুক্তরাষ্ট্রকে এসব হামলা প্রতিহত করতে ব্যয়বহুল সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে।
সম্প্রতি হুতিরা ঘোষণা দেয়, গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দিলে তারা ইসরায়েলি জাহাজেও হামলা চালাবে। এরই প্রেক্ষিতে শনিবার ট্রাম্প কড়া ভাষায় হুতিদের সতর্ক করে বলেন, হামলা না থামালে তাদের ‘নরকের বৃষ্টি’র মুখে পড়তে হবে। পাশাপাশি ইরানকে উদ্দেশ করে তিনি বলেন- যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে ‘আমেরিকা সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে, যা তোমাদের জন্য ভালো হবে না।’

