উত্তর মেসিডোনিয়ার পূর্বাঞ্চলীয় কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) ভোররাতে ‘পালস ক্লাব’ নামের ওই বিনোদনকেন্দ্রে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সূত্র: বিবিসি
ঘটনার সময় ক্লাবে চলছিল দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে-এর কনসার্ট। ওই মুহূর্তে সেখানে প্রায় দেড় হাজার দর্শক উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্রমন্ত্রী পেন্স তস্কোভস্কি জানিয়েছেন, কনসার্টের অংশ হিসেবে মঞ্চে ব্যবহার করা হয় আতশবাজি। সেখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনের ফুলকি ক্লাবের দাহ্য ছাদে লাগার পর মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গতিপ্রকৃতি এতটাই তীব্র ছিল যে, অনেকেই নিরাপদে বের হতে পারেননি। ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মঞ্চ থেকে ছিটকে পড়া আতশবাজির ঝলক ছাদের এক কোণে লাগার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে লেলিহান আগুন।
দুর্ঘটনাস্থল কোচানি শহরটি রাজধানী স্কোপিয়ে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী ঋস্তিজান মিকোস্কি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে বলেন, “এতগুলো তরুণ প্রাণের অকাল মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। এই দিনটি আমাদের ইতিহাসে গভীর শোকের দিন হয়ে থাকবে।”
তিনি আরো বলেন, “সরকার আহতদের চিকিৎসা ও অগ্নিকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রকৃত কারণ নির্ধারণে একটি পূর্ণাঙ্গ তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।”
আহতদের মধ্যে ৯০ জনকে তাৎক্ষণিকভাবে কোচানির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের স্কোপিয়ের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দেশজুড়ে এই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন দমকল বাহিনী, পুলিশ ও জরুরি সেবার কর্মীরা। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

