মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১৬ মার্চ) হওয়া এই ফোনালাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন দুই নেতা, যার মধ্যে অন্যতম ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, এরদোগান এই সংঘাত নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এরদোগান আশা প্রকাশ করে বলেন, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক আরও মসৃণ ও সৌহার্দ্যপূর্ণভাবে এগিয়ে যাবে।
ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়েও কথা বলেন এরদোগান। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সন্ত্রাসবাদ মোকাবিলায় তুরস্কের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
কমিউনিকেশনস ডিরেক্টরেট আরও জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা করেছেন। এরদোগান উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির আলোকে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে নিবিড় পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তার দেশ শুরু থেকেই ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রত্যক্ষ উদ্যোগের প্রতি সমর্থন জানান।
সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা বলেন এরদোগান। তিনি স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এরদোগানের মতে, এই ধরনের উদ্যোগ সিরীয় শরণার্থীদের তাদের দেশে ফিরে যেতে উৎসাহিত করবে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।
তুরস্ক বিশ্বাস করে, উভয় দেশেরই এই লক্ষ্যে একযোগে কাজ করা উচিত।

