মস্কো ও কিয়েভের মধ্যে ভবিষ্যতের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য পশ্চিমা শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে যুক্তরাজ্য ইউক্রেনে হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এ মোতায়েন ‘বছরের পর বছর’ স্থায়ী হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে কোন কোন ইউরোপীয় দেশ সেনা পাঠাতে আগ্রহী, তা নিয়ে শনিবার (১৬ মার্চ) এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রস্তাবের রূপরেখা তুলে ধরেন।
স্টারমার চলতি মাসের শুরুতে প্রথম ফ্রান্সের সঙ্গে এই পরিকল্পনার ঘোষণা দেন। এর লক্ষ্য— মার্কিন সহায়তা কমে যাওয়ার আশঙ্কার মধ্যে ইউক্রেনকে সামরিকভাবে সহায়তা দেওয়া অব্যাহত রাখা।
শনিবারের বৈঠকের পর স্টারমার জানান, কয়েক ডজন অংশীদার দেশ ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ধারণাকে সমর্থন করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি এই সপ্তাহে লন্ডনে সামরিক প্রধানদের সঙ্গে সৈন্য সংখ্যা ও মোতায়েনের সময়সীমা নিয়ে আলোচনা করবেন। দ্য টাইমস-এর তথ্যমতে, এই বাহিনীতে ৩০,০০০ পর্যন্ত সৈন্য থাকতে পারে, যার প্রধান অংশীদার হবে যুক্তরাজ্য ও ফ্রান্স।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটিশ সেনারা উন্মুক্তভাবে মোতায়েন থাকবে এবং এই বাহিনীর প্রধান ভূমিকা পালন করবে।
স্টারমার স্পষ্ট করেছেন, শুধুমাত্র মস্কো ও কিয়েভ শান্তি চুক্তিতে পৌঁছালে সৈন্য মোতায়েন করা হবে। তাদের কাজ হবে পর্যবেক্ষণ ও শান্তি রক্ষা করা।
রাশিয়া এরই মধ্যে পশ্চিমা সামরিক উপস্থিতির কঠোর বিরোধিতা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনে কোনো পশ্চিমা সেনা মোতায়েন রাশিয়ার জন্য ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও দেশটির সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ রবিবার (১৬ মার্চ) সতর্ক করে বলেছেন, ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ফলে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে।
স্টারমারের নেতৃত্বে ইউরোপীয় শান্তিরক্ষা পরিকল্পনার মধ্যে মার্কিন-রাশিয়া শান্তি আলোচনার উদ্যোগও চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন সংকট নিরসনে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করবেন।

