বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে। তবে সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টিকে ‘কূটনৈতিক আলোচনার অন্তর্ভুক্ত’ বলে এড়িয়ে গেছেন দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস।
স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রার্থী হিসেবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। বর্তমানে নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন ধরে দায়িত্ব পালন করছেন। তার মূল্যায়ন কী? তাছাড়া তিনি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন?”
জবাবে মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলেন, “আবারো বলছি, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন- যিনি অন্য দেশে কী ঘটছে, তা নিয়ে কীভাবে চিন্তা করতেন- সেটি প্রসঙ্গত এসেছে”
প্রশ্নকারীর পক্ষ থেকে বিষয়টি যে বাংলাদেশ সংক্রান্ত, তা পুনরায় উল্লেখ করা হলে ব্রুস বলেন, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও বিষয়টি কীভাবে দেখছেন, তা তিনি নিজেই নির্ধারণ করবেন। তবে কূটনৈতিক আলোচনা, বিবেচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যকার কথোপকথনের পরিপ্রেক্ষিতে এখনই কিছু অনুমান করতে চাই না। এমনকি আপনি নিজেও চান না আমি তা করি।”
পরবর্তীতে প্রশ্নকারী একই বিষয় নতুন করে প্রশ্ন করতে চাইলে, তাকে থামিয়ে দেন ব্রুস। তিনি বলেন, “আমি এমন কিছু বলব না, যা একটি সরকারের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে দেয় কিংবা কোনও নির্দিষ্ট দেশে কী ঘটছে, সে সম্পর্কে মতামত প্রকাশ করে। আমি এমন কিছু অনুমানও করব না, যা কূটনৈতিক আলোচনার আওতাভুক্ত।”
সংক্ষেপে, বাংলাদেশ প্রসঙ্গে ওঠা প্রশ্নে সরাসরি অবস্থান না নিয়ে, বিষয়টি কূটনৈতিক সীমারেখায় থেকে বিবেচনার কথা জানিয়ে সতর্ক বক্তব্যই রেখেছেন মার্কিন মুখপাত্র।

