দখলদার ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যেখানে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বহু শিশু রয়েছে। আহতের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য।
১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এ পর্যন্ত অন্তত ২৩২ জন প্রাণ হারিয়েছেন।
হামলার কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধ পুনরায় শুরুর ঘোষণা দেয়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, হামাসকে চাপে রাখার জন্যই এই অভিযান চালানো হয়েছে, যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্তে হামলা চালায়, যাতে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে, যা ক্রমেই ধ্বংসযজ্ঞে রূপ নেয়।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা স্কুল, হাসপাতাল, মসজিদ ও আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১২ হাজার ৩২ জন আহত হয়েছেন। তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, এবং নিখোঁজ হাজারো মানুষকেও মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, কারণ হামাসের যোদ্ধারা পুনরায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। সূত্র: আল-জাজিরা।

