তাইওয়ানের আকাশসীমা ঘেঁষে রেকর্ডসংখ্যক চীনা সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৫৯টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি ছিল ৯টি যুদ্ধজাহাজ ও দুটি বেলুন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ান সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দেখা যায়, গত অক্টোবরের পর এটাই সবচেয়ে বড় সামরিক চাপের ঘটনা।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনাক্ত হওয়া ৫৯টি বিমানের মধ্যে ৫৪টি ছিল ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নেওয়া। এসব বিমানের বেশ কয়েকটি তাইওয়ানের ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোন’ (ADIZ) অতিক্রম করে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বীপটির স্বাধীনতাকামী শক্তিগুলোকে সতর্ক করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বেইজিংয়ের ভাষায়, এটি বিচ্ছিন্নতাবাদীদের জন্য কঠোর বার্তা।
চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে মূল ভূখণ্ডের অধীনে আনবে বলে হুমকি দিয়ে যাচ্ছে।
তবে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং চীনের সামরিক তৎপরতাকে হুমকি হিসেবে দেখছে।
ঘটনার পেছনে রাজনৈতিক উত্তেজনার একটি প্রেক্ষাপটও রয়েছে। মাত্র কয়েকদিন আগেই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। একইসঙ্গে দ্বীপের নিরাপত্তা জোরদারে চীনা অনুপ্রবেশ মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন তিনি।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট লাইয়ের মন্তব্য এবং সামরিক পদক্ষেপের পাল্টাপাল্টি বার্তা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

