মার্কিন ইতিহাসে বহুল আলোচিত ও রহস্যে ঘেরা জন এফ কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত প্রায় ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার (১৭ মার্চ) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের সাবেক ও পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ মার্চ) এসব নথি জনসমক্ষে প্রকাশ করা হবে। ট্রাম্প বলেন, “আমরা জন এফ কেনেডির হত্যাকাণ্ড সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করছি। কিছুই গোপন রাখব না। সম্পাদনা ছাড়াই ফাইলগুলো প্রকাশ করা হবে।”
১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। হত্যার দায়ে লী হার্ভি অসওয়াল্ড নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হলেও- দুদিনের মাথায় তিনি পুলিশের হেফাজতেই নিহত হন।
১৯৬৪ সালে মার্কিন সরকারের গঠিত ‘ওয়ারেন কমিশন’ জানায়, অসওয়াল্ড একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তবে এরপর থেকে হত্যাকাণ্ডটি ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে।
ট্রাম্প বলেন, “আমি মনে করি না, নথিগুলোতে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি, কোনো কিছু সম্পাদনাযোগ্য নয়। জনগণকে সত্য জানার অধিকার দিতে হবে।”
কী রয়েছে এসব নথিতে- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি বিষয়বস্তু সম্পর্কে আংশিকভাবে অবগত এবং এ প্রকাশনা “খুবই আকর্ষণীয়” হতে যাচ্ছে বলে মন্তব্য করেন।
চলতি মেয়াদের শুরুতেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে জন এফ কেনেডি ছাড়াও রবার্ট এফ কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংক্রান্ত বাকি রেকর্ডগুলো প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ওই আদেশ অনুযায়ী জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রকাশ পরিকল্পনা উপস্থাপন করতে বলা হয়।
এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প প্রথমবার JFK হত্যা সংক্রান্ত রেকর্ড প্রকাশের প্রতিশ্রুতি দেন। তবে নিরাপত্তা সংস্থাগুলোর অনুরোধে সে সময় মাত্র ২,৮০০ নথি প্রকাশ করা হয়।
পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আরো ১৭ হাজার রেকর্ড প্রকাশ করে, যদিও তার বেশির ভাগই আংশিকভাবে প্রকাশিত হয় বা গোপনই থেকে যায়।
মার্কিন জাতীয় আর্কাইভ জানায়, ১৯৯২ সালের ‘JFK Records Act’ অনুযায়ী পর্যালোচনার পর প্রায় ৩ লাখ ২০ হাজার নথি আগেই প্রকাশ পেয়েছে। এবার ট্রাম্প প্রশাসনের উদ্যোগে অবশিষ্ট ৮০ হাজার নথিও প্রকাশ পাচ্ছে।
২০২৩ সালে গ্যালাপ পরিচালিত জরিপে দেখা যায়, ৬৫ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন না যে লী হার্ভি অসওয়াল্ড একাই কেনেডিকে হত্যা করেছিলেন। জরিপে অংশ নেওয়া ২০ শতাংশ মনে করেন, এ হত্যাকাণ্ড মার্কিন সরকারের ভেতরের কোনো ষড়যন্ত্রের অংশ ছিল। ১৬ শতাংশ আবার সন্দেহ করেন, অসওয়াল্ড সিআইএর হয়ে কাজ করতেন।
নতুন করে এই নথিপত্র প্রকাশের মধ্য দিয়ে জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের অনেক জট খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

