খুদে প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক এখন বৈশ্বিক সংকট হয়ে উঠেছে। এটি পৃথিবীর প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এমনকি অ্যান্টার্কটিকার বরফেও এর অস্তিত্ব পাওয়া গেছে। আরও ভয়ংকর বিষয় হলো, মানুষের শরীরেও এই কণা পাওয়া যাচ্ছে। রক্ত ও মস্তিষ্কের পর এবার স্যালাইনেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। চিকিৎসকের দেওয়া ইনজেকশনের মাধ্যমেই এটি সরাসরি রোগীর শরীরে প্রবেশ করছে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, স্যালাইনের ব্যাগে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। চীনের বেইজিংয়ের ন্যাশনাল ইনস্টিটিউটস ফর ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞানীরা এই বিষয়টি শনাক্ত করেছেন। তারা জানিয়েছেন, প্রতিটি স্যালাইন ব্যাগে প্রায় সাড়ে সাত হাজার প্লাস্টিক কণা থাকতে পারে। চিকিৎসকেরা যখন ইনজেকশন দেন, তখন এসব কণা সরাসরি রোগীর রক্তে মিশে যায়।
বিশ্বের বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভি ড্রিপ ব্যবহার করা হয়। এই স্যালাইনের মাধ্যমেই রোগীর শরীরে ওষুধ ও পুষ্টি প্রবেশ করে। কিন্তু গবেষণায় দেখা গেছে, এসব স্যালাইনের ব্যাগে বিপজ্জনক পরিমাণ মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এটি অজান্তেই রোগীর শরীরে প্রবেশ করছে। এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সাধারণত মাইক্রোপ্লাস্টিক শ্বাস নেওয়া বা দূষিত পানি পান করার মাধ্যমে শরীরে প্রবেশ করে। কিন্তু ইনজেকশনের মাধ্যমে এটি সরাসরি রক্তে মিশছে। বিজ্ঞানীরা দুটি জনপ্রিয় ব্র্যান্ডের ২৩৮ গ্রাম ওজনের স্যালাইন ব্যাগ বিশ্লেষণ করেছেন। এতে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, ডিহাইড্রেশন চিকিৎসায় ব্যবহৃত একটি সাধারণ স্যালাইন ব্যাগে ২৫ হাজারের বেশি প্লাস্টিক কণা থাকতে পারে। পেটের অস্ত্রোপচারের সময় একাধিক স্যালাইন ব্যাগ ব্যবহৃত হলে এই কণার সংখ্যা ৫২ হাজারের বেশি হতে পারে।
এই কণাগুলো সাধারণত প্লাস্টিকের বোতল থেকে আসে। এসব বোতল পলিপ্রোপিলিন দিয়ে তৈরি হয়। এতে দূষণের ঝুঁকি বেশি থাকে। মাইক্রোপ্লাস্টিকের মতো অদ্রবণীয় কণা যেন রোগীর শরীরে প্রবেশ না করতে পারে। সেজন্য বিজ্ঞানীরা আরও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মাইক্রোপ্লাস্টিক এখন বিশ্বের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এটি মারিয়ানা ট্রেঞ্চের গভীর থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের চূড়া পর্যন্ত পাওয়া গেছে। পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট এই প্লাস্টিক কণা মানবদেহ ছাড়াও গভীর সমুদ্রে মাছের শরীরেও পাওয়া যাচ্ছে। এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনও স্পষ্ট নয়। তবে এটি যে মানবস্বাস্থ্যের জন্য বড় হুমকি, তা নিশ্চিত।

