ইউক্রেন যুদ্ধ থামাতে টেলিফোনে প্রায় আড়াই ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন পুতিন।
মার্কিন সময় মঙ্গলবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এই ফোনালাপ শুরু হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই নেতা ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানে একমত হয়েছেন এবং জোর দিয়েছেন শান্তিপূর্ণ সমঝোতার ওপর।
ট্রাম্প বলেন, এই সংঘাত শুরুই হওয়া উচিত হয়নি। রক্তপাত আর সম্পদের অপচয়ের বদলে সেই অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করা যেত। তিনি আরো বলেন, আন্তরিক ও সরল চেষ্টায় বহু আগেই এই যুদ্ধের অবসান সম্ভব ছিল।
দুই নেতাই একমত হন যে শান্তি প্রতিষ্ঠা শুরু হবে ধাপে ধাপে- প্রথম ধাপে জ্বালানি ও অবকাঠামোতে যুদ্ধবিরতি, এরপর কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি এবং পরবর্তী সময়ে পূর্ণ যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তির কৌশলগত কাঠামো।
ফোনালাপে ট্রাম্প ও পুতিন মধ্যপ্রাচ্যকে ভবিষ্যতের সংঘাত প্রতিরোধের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। ইরান প্রসঙ্গে তারা একমত হন, ইরানের কখনোই ইসরাইলকে ধ্বংস করার অবস্থানে যাওয়া উচিত নয়।
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটেও আলোচনা হয় ফোনালাপে। ট্রাম্প ও পুতিন মনে করেন, উন্নত রাশিয়া-মার্কিন সম্পর্ক ভবিষ্যতে শান্তি, অর্থনৈতিক চুক্তি ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা বয়ে আনবে।
এদিকে ক্রেমলিন জানায়, ইউক্রেনকে বাইরে থেকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের দাবি জানিয়েছেন পুতিন। তিনি ট্রাম্পকে জানান, আগামীকাল থেকে শুরু হবে রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময় প্রক্রিয়া।
সিএনএনের তথ্য অনুযায়ী ধারণা করা যায়, উভয় পক্ষের মধ্যে ১৭৫ জন বন্দির বিনিময় হতে পারে।

