গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার পর এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, “এটা কেবল শুরু।” তিনি বলেন, আলোচনা চলবে শুধুমাত্র যুদ্ধের মধ্য দিয়েই।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে প্রচারিত এ বার্তায় নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ইসরায়েল তার তিনটি প্রধান লক্ষ্য অর্জন করে- ইসরায়েলি বন্দিদের মুক্ত করা, হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা এবং ভবিষ্যতে হামাসকে হুমকি হয়ে না ওঠার নিশ্চয়তা।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ বিমান হামলায় ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকশ মানুষ। রাফাহ, বেইত লাহিয়া, নুসাইরাত ও আল-মাওয়াসি- এমনকি জাবালিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই হামলার পরিসর।
গাজার হাসপাতালগুলো আবারো আহতদের ভিড়ে উপচে পড়ছে। এক সাক্ষাৎকারে জাবালিয়া আল-বালাদের বাসিন্দা হায়েল বলেন, “আমি হতবাক—আবার যুদ্ধ শুরু হলো! তবে এটাও ঠিক, আমরা এতটাই ক্লান্ত যে, নতুন করে কিছুই আর আশ্চর্য লাগে না।” সূত্র: বিবিসি আরবি
গাজায় এই হামলার কড়া নিন্দা জানিয়েছে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেন, এই হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। পরিস্থিতি দ্রুত বিপজ্জনক দিকে এগোচ্ছে।
১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় আকারের হামলা। এতদিন কিছুটা শান্ত পরিস্থিতি থাকলেও নতুন করে হামলা শুরু হওয়ায় স্থায়ী শান্তি অর্জনের আশায় বড় ধাক্কা লাগলো।
সাম্প্রতিক এই হামলায় হামাসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাও নিহত হয়েছেন, যাদের মধ্যে গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফাও রয়েছেন।
যুদ্ধবিরতির তিন পর্যায়ের মধ্যে প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ শুরুই হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ধাপ বাড়িয়ে বন্দি মুক্তির প্রস্তাব দিয়েছিল, যাতে সময়ক্ষেপণ হয়। তবে হামাস সেই পরিবর্তন প্রত্যাখ্যান করে।
নেতানিয়াহুর ভাষায়, হামাস বন্দিদের মুক্ত করে যুদ্ধবিরতি বাড়াতে পারত। কিন্তু তারা সংঘাত বেছে নিয়েছে।
ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, এই আগ্রাসন গাজায় আটক ইসরায়েলি বন্দিদের জন্য “মৃত্যুদণ্ডের সমান।”
ইসরায়েলের একাধিক কর্মকর্তার দাবি, এই হামলার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেন, “হামাস চাইলে সংঘাত এড়াতে পারত কিন্তু তারা সংঘাতকেই বেছে নিয়েছে।”
গাজায় আগুনে পুড়ছে ঘরবাড়ি, ছিন্নভিন্ন লাশের পাশে কাঁদছে স্বজনরা। আর ইসরায়েল বলছে- যুদ্ধ শেষ হয়নি, এটা তো কেবল শুরু।

