পাকিস্তানের জাফর এক্সপ্রেসে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর হামলা নিয়ে এবার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলেছে ইসলামাবাদ। দেশটির অভিযোগ, আফগানিস্তান সীমান্তবর্তী হামলায় মদদ দিচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
এদিকে চলমান এই উত্তেজনার আবহে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে উত্তেজনার বিপক্ষে অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাগারে থাকা অবস্থায় বোন আলিমা খানের মাধ্যমে বার্তা পাঠিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, “আফগানিস্তান আমাদের শত্রু নয়, তাদের শত্রু বানানোর চেষ্টা কেন?”
মঙ্গলবার (১৮ মার্চ) আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করে বের হয়ে সাংবাদিকদের এসব কথা জানান আলিমা। তিনি বলেন, “আমার ভাই জানতে চেয়েছেন, কেন মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাইছে পাকিস্তান?” সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
ইমরান খান আরো বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির যেকোনো বৈঠকে তার দলের অংশগ্রহণ হবে শুধুমাত্র তার অনুমতিক্রমেই। পাশাপাশি তিনি দাবি করেন, ২০২১ সালের মধ্যে সন্ত্রাসবাদের মাত্রা কমেছিল, কিন্তু ২০২২ থেকে তা আবার বাড়তে শুরু করেছে।
আলিমা খান জানান, জেলে বসে বর্তমানে ইমরান কোনো সংবাদপত্র পড়ছেন না, টেলিভিশনও বন্ধ। গত ছয় মাসে মাত্র চারবার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি।
পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, “রাষ্ট্র যদি মৌলিক ও জরুরি সংস্কার না আনে, তাহলে শান্তি ও অগ্রগতি অসম্ভব।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের স্বার্থপর ও স্বল্পদৃষ্টিসম্পন্ন নীতির কারণে দেশ আজ বিভক্ত এবং জনগণ বঞ্চিত।
তিনি বলেন, “রাষ্ট্রকে সংবিধানের সীমানায় সীমাবদ্ধ রেখে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থকে ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখতে হবে।”
ওয়াকাস আশঙ্কা প্রকাশ করেন, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পরিস্থিতি ‘মরীচিকার আগ্নেয়গিরির’ মতো হয়ে উঠতে পারে, যদি দ্রুত কার্যকর সমাধান না আসে।
তিনি আরো বলেন, “চুরি করা ম্যান্ডেটধারীরা আজ পিটিআই ও ইমরান খানকে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করছে। অথচ তারা সত্যিকার কোনো আলোচনার টেবিলে আসতে রাজি নয়, যেখানে প্রকৃত সমাধান হতে পারে।”
পাক-আফগান উত্তেজনা এবং অভ্যন্তরীণ সংকটের এই মুহূর্তে ইমরান খানের এমন বার্তা দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

