দুই দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ লেবানন ও সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর মাধ্যমে এ তথ্য জানা যায়।
সংঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আহতদের সবাই লেবাননের নাগরিক বলে নিশ্চিত করেছে লেবাননের প্রতিরক্ষা বাহিনী।
রোববার এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং তিনজন সিরীয় সেনাকে অপহরণ করে। পরদিন কাসার শহরে তাদের হত্যা করা হয়। এর প্রতিক্রিয়ায় সিরিয়ার সেনাবাহিনী সীমান্তবর্তী লেবানিজ গ্রাম ও কাসার শহরে গোলাবর্ষণ চালায়। এতে সাত লেবানিজ নাগরিক নিহত হন, আহত হন আরও ৫২ জন।
লেবাননের প্রতিরক্ষা বাহিনী আরো জানায়, হামলায় মোট ছয়জন সিরীয় সেনা অপহৃত হন, যাদের মধ্যে তিনজন নিহত হন এবং বাকি তিনজনকে পরে সিরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তবে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির একজন মুখপাত্র লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-কে বলেন, সিরিয়ার ভূখণ্ডে হামলা বা সেনা অপহরণের ঘটনায় হিজবুল্লাহর কোনো সংশ্লিষ্টতা নেই।
পরিস্থিতি শান্ত করতে রোববারই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন কড়া বিবৃতি দেন। তিনি বলেন, সীমান্তে এ ধরনের সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি চলতে দেওয়া যায় না। এরপরই সোমবার উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
উল্লেখ্য সিরিয়া ও লেবাননের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ইতিহাসে বিরল। নিকট কিংবা দূর অতীতে দুই দেশের মধ্যে বড় ধরনের কোনো দ্বন্দ্বের রেকর্ড নেই। এজন্য সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে।

