গাজার উত্তরের সঙ্গে দক্ষিণের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সালাহ আল-দিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে ইসরাইল। ইসরাইলি ট্যাংক গাজা সিটির দক্ষিণে নেযারিম করিডরের কাছে অবস্থান নিয়ে রুটটি পুরোপুরি বন্ধ করে দেয়। বিষয়টি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির চরম লঙ্ঘন বলে জানিয়েছে হামাস।
ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, দক্ষিণমুখী যান চলাচল কিছুটা চালু থাকলেও- উত্তরের দিকে ফেরার পথ কার্যত বন্ধ। বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বহু মানুষ ঘরে ফেরার চেষ্টা করছিলেন।
এদিকে গাজার পশ্চিমে আল-রশিদ স্ট্রিট এখনও খোলা রয়েছে। তবে সেটি শুধুমাত্র হাঁটা পথ হিসেবে ব্যবহারযোগ্য।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই রুট বন্ধের উদ্দেশ্য হল হামাস ও ফিলিস্তিনিদের ওপর চাপ বাড়ানো। কারণ সম্প্রতি বহু গাজাবাসী দক্ষিণ থেকে উত্তরে ফিরতে শুরু করেছিলেন।
হামাসের অভিযোগ, এই পদক্ষেপ গাজার মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের দাবি, এটি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ এবং নতুন করে উত্তেজনা ছড়ানোর ইঙ্গিত।
এএফপির তথ্য অনুসারে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৯৭০ জন ফিলিস্তিনি। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭ জনে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার রাত থেকে শুরু হওয়া এ হামলাকে তারা যুদ্ধবিরতি চুক্তির পর ‘সবচেয়ে প্রাণঘাতী’ আক্রমণ হিসেবে বিবেচনা করছে।
চুক্তির টিকে থাকা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।

