বাংলাদেশে সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই বার্তা দেন দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রুস বলেন, “বিশ্বের যেকোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনাকে আমরা নিন্দা জানাই। একইসঙ্গে বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা আমরা স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “এটাই আমরা প্রত্যাশা করি, এবং আশা করছি এই ধারা অব্যাহত থাকবে।”
এ সময় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের বাংলাদেশ বিষয়ে মন্তব্য নিয়েও প্রশ্ন করা হলে মুখপাত্র ব্রুস বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সবসময়ই মানবাধিকার এবং সংখ্যালঘুদের নিরাপত্তার পক্ষে এবং বাংলাদেশে চলমান পদক্ষেপগুলোকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
ঢাকায় রাজনৈতিক রূপান্তরের এই সময়টিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই প্রেক্ষিতে ওয়াশিংটনের এই বার্তা বাংলাদেশের বর্তমান সরকার ও আন্তর্জাতিক মহলের মধ্যে সমঝোতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।

