কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে ভারতে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর চ্যাটবট ‘গ্রোক-৩’। তথ্যনির্ভর বিশ্লেষণ আর প্রশ্নের জবাবে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তি বিজেপি ও তাদের মতাদর্শিক সংগঠন আরএসএসের বহু প্রচলিত বর্ণনা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের এআই প্রযুক্তি নিয়ে বিতর্ক এখন ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, ‘গ্রোক-৩’–এর দেওয়া কিছু জবাব ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে বহুদিন ধরে বিজেপির প্রচারে বলা হচ্ছিল তিনি ‘বার ডান্সার’ ছিলেন। কিন্তু গ্রোকের ভাষ্য অনুযায়ী, সোনিয়া গান্ধী ছিলেন ‘বার অ্যাটেন্ডেন্ট’, নাচের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না।
২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ‘অনুপ্রবেশকারী’ মন্তব্য সম্পর্কে গ্রোকের বিশ্লেষণ, এটি মূলত ‘হিন্দু জাতীয়তাবাদ’ উসকে দেওয়ার একটি কৌশল।
আরএসএসের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়েও গ্রোক জানায়, ঐতিহাসিক তথ্য অনুযায়ী সংগঠনটির ভূমিকা ‘ন্যূনতম বা শূন্য’। যদিও কেউ কেউ ব্যক্তিগতভাবে আন্দোলনে যুক্ত ছিলেন, সংগঠন হিসেবে তেমন কোনো প্রমাণ নেই।
এক প্রশ্নে গ্রোক জানায়, হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর ব্রিটিশদের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন এবং তাঁদের কাছ থেকে মাসিক পেনশন গ্রহণ করতেন।
এই পরিস্থিতিতে বিজেপির অভ্যন্তরে গুঞ্জন উঠেছে ‘গ্রোক-৩’-এর কার্যক্রম নিয়ন্ত্রণে আনার দাবি নিয়ে। তবে বিশ্লেষকদের মতে, মার্কিন নাগরিক ও টেক ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন একটি বিদেশি প্রযুক্তিপণ্য নিয়ন্ত্রণে আনা ভারত সরকারের পক্ষে সহজ হবে না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের মুখে তথ্যনির্ভর চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের ডানপন্থী রাজনৈতিক শক্তি। এআই যুদ্ধে তারা কতটা প্রস্তুত, সেটাই এখন বড় প্রশ্ন।

