মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে ইরানকে নতুন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং চিঠি সম্পর্কিত দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের মাধ্যমে চিঠিটি খামেনির কাছে পৌঁছানো হয়। আবুধাবিতে একটি বৈঠকের সময় উইটকফ জায়েদের কাছে চিঠিটি হস্তান্তর করেন, এরপর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আনোয়ার গারগাশ তেহরানে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে এটি পৌঁছে দেন।
ইরান এই চিঠিকে ‘গুণ্ডামি কৌশল’ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিঠিটি এখনও পর্যালোচনাধীন এবং তাদের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া প্রস্তুত করা হচ্ছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। খুব শিগগিরই কিছু ঘটবে। আমি শান্তি চুক্তি করতে চাই, তবে যদি তা সম্ভব না হয়, তবে অন্য বিকল্প সমস্যা সমাধান করবে।’
এদিকে, বুধবার ট্রাম্প ইরান ও ইয়েমেনের হুথিদের প্রতি সমর্থন বন্ধ করার ঘোষণা দেন এবং এই গোষ্ঠীটিকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।

