ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (২০ মার্চ) এই হামলায় অন্তত ১৬ জন হুথি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা পাঁচদিন ধরে ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা।
স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, এর আগে ইয়েমেনের রাজধানী সানায় চালানো মার্কিন হামলায় সাতজন নারী ও দুইজন শিশু আহত হয়।
আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী আল-জাওফ প্রদেশের আল-হাজম জেলা, সাদা এবং আল-বায়াদা প্রদেশের সাওয়াদিয়া জেলায় হামলা চালিয়েছে।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হুথিদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এর পর থেকেই ইয়েমেনে হামলার মাত্রা বেড়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে, যাতে অন্তত ৫৩ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক হামলা ইয়েমেন সংকটকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

