রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক আলোচনায় ব্যস্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি।
বুধবার (২০ মার্চ) এই ফোনালাপের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘আলোচনা খুব ভালো হয়েছে। আমরা ঠিক পথেই আছি।’
পুতিনের পর জেলেনস্কির সঙ্গে এক ঘণ্টার আলোচনা
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ফোনালাপটি এক ঘণ্টা ধরে চলে। এর আগের দিন, মঙ্গলবার, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ৯০ মিনিট কথা বলেন ট্রাম্প। সেই আলোচনার পরই জেলেনস্কির সঙ্গে কথা বলেন তিনি।
ট্রাম্প জানান, ‘আলোচনার বেশিরভাগ অংশই পুতিনের সঙ্গে হওয়া ফোনালাপের ওপর ভিত্তি করে হয়েছে, যাতে রাশিয়া ও ইউক্রেন উভয়ের চাহিদার সমন্বয় করা যায়।’
এদিকে, ইউক্রেনে যুদ্ধবিরতির পরিবর্তে মাত্র ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্পের আহ্বানে তিনি এই শর্তসাপেক্ষে রাজি হয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস ও ক্রেমলিন।
ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ থামবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে এই কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

