যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। যা রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়ক হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় তিনি এই প্রস্তাব দেন।
এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন ৩০টি দেশের সামরিক প্রধানরা যুক্তরাজ্যে এক সম্মেলনে মিলিত হয়েছেন। তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ফোনালাপ হয়। এরপর জেলেনস্কি জানান, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে কিয়েভ প্রস্তুত রয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেনে একই ধরনের হামলা চালানোর ব্যাপারে বিরত থাকার সম্মতি জানান।
জেলেনস্কি জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা হয়েছে যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফিনল্যান্ড সফরের সময় ভার্চুয়াল এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি আরো জানান, ট্রাম্প তার ওপর কোনো চাপ প্রয়োগ করেননি রাশিয়াকে ছাড় দেওয়ার জন্য।
তবে বিস্তৃত পরিসরে যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত রয়ে গেছে। কারণ, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা সামরিক সহযোগিতা বন্ধের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনে সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, উল্লেখযোগ্য সংখ্যক দেশও সেনা পাঠাতে প্রস্তুত যদিও নির্দিষ্ট সংখ্যা স্পষ্ট নয়।
স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ যুক্তরাজ্যের সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছেন। ট্রাম্প যখন রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন, তখনই তারা এই উদ্যোগ নিয়েছেন।
এই পরিস্থিতিতে ইউক্রেনে পশ্চিমা সহায়তা বন্ধের শর্ত দিয়েছেন পুতিন এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বিদেশি সেনার উপস্থিতি প্রত্যাখ্যান করেছেন। তবে ট্রাম্প ও জেলেনস্কির আলোচনার পর ওয়াশিংটন জানিয়েছে, তাদের মধ্যে ‘চমৎকার’ আলোচনা হয়েছে। যদিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বিষয়ে ট্রাম্প আলোচনা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এই কেন্দ্রগুলোর পরিচালনায় ওয়াশিংটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, এসব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন মালিকানার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এছাড়া, ইউরোপ থেকে ইউক্রেন আরো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পেতে পারে বলে ট্রাম্প আশ্বাস দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, পূর্ণ যুদ্ধবিরতির প্রচেষ্টা ‘ঠিক পথেই’ এগোচ্ছে।
জেলেনস্কি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে নতুন আলোচনা হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারাও সেখানে বৈঠকে বসতে পারেন।
এদিকে সদিচ্ছার প্রকাশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন ৩৭২ জন বন্দি বিনিময় করেছে। মস্কো জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর এই বিনিময় সম্পন্ন হয়েছে। তবে পাল্টাপাল্টি হামলার অভিযোগ অব্যাহত রেখেছে কিয়েভ ও মস্কো।

