কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটির ফেডারেল সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ এপ্রিল অথবা ৫ মে ভোটগ্রহণ হতে পারে বলে কানাডার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ধারণা করা হচ্ছে রোববার সংসদ ভেঙে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন কার্নি।
নির্বাচন নিয়ে মার্ক কার্নি বলেছেন, তিনি গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করার পরই নির্দিষ্ট তারিখ জানাতে পারবেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং পার্শ্ববর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঠিক রাখার জন্য এই মুহূর্তে একটি কার্যকর সরকার প্রয়োজন বলে তিনি মনে করেন। তাই নতুন নির্বাচনই একমাত্র সমাধান। কানাডার নির্বাচনী আইন অনুযায়ী, ফেডারেল নির্বাচনের আগে প্রচারণার জন্য অন্তত ৩৬ দিনের সময় দেওয়া বাধ্যতামূলক।
সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, দেশটির ৬০ শতাংশ নাগরিক সরকারের পরিবর্তন চেয়েছিলেন। তবে সর্বশেষ জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে ৩৪৩টি আসনের মধ্যে লিবারেল পার্টি ১৮০ থেকে ১৯১টি আসন পেতে পারে যেখানে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২টি আসন। অন্যদিকে কনজারভেটিভ পার্টি ১২৪ থেকে ১৪১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লিবারেল পার্টি বর্তমানে জনসমর্থনে এগিয়ে আছে যেখানে দুই মাস আগেও তারা কনজারভেটিভদের তুলনায় পিছিয়ে ছিল।
কানাডার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। দেশটিতে বিগত কয়েক বছরে বিপুল সংখ্যক নতুন অভিবাসীর আগমনের ফলে অর্থনীতি চাপে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, বাড়ি ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। বিশেষ করে ট্রুডো সরকারের অভিবাসন নীতির কারণে অর্থনৈতিক চাপ আরো বেড়েছে যা তার জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কানাডার নতুন নেতা হতে হবে এমন একজন যিনি অর্থনীতিতে দক্ষ এবং সাধারণ মানুষের চাহিদা বোঝেন। বর্তমান বাজার নিয়ন্ত্রণ, স্থিতিশীল অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সমস্যার সমাধান করাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, মার্ক কার্নি এই মুহূর্তে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে যোগ্য ব্যক্তি। তার প্রতি জনগণের আস্থা বাড়ায় লিবারেল পার্টি এখন নির্বাচনী লড়াইয়ে এগিয়ে রয়েছে।
কানাডার রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর। কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি জয়ী হলে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়।

