ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরপরই ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার এই অবস্থান জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে- এই আগ্রাসন বন্ধে দ্রুত কার্যকর হস্তক্ষেপ করতে।
জেদ্দায় অনুষ্ঠিত ওই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বৈঠক শেষে সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি বলেন, ইসরায়েলের এই অপরাধ বন্ধে এবং ফিলিস্তিনি জনগণের চলমান মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
বৈঠকের শুরুতে ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে আলাপের বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করেন।
বৈঠকে সৌদি সরকার আরব, আঞ্চলিক ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত পর্যালোচনা করে- সুরক্ষা, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে তাদের দৃঢ় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে যুদ্ধবিরতির অবসানের পর গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।
আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যে সৌদি সরকারের এই প্রতিক্রিয়া এমন সময় এলো, যখন গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্রতর হচ্ছে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে।

