গাজা উপত্যকায় মাত্র তিন দিনে ইসরায়েলের সামরিক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০০ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ২০০ জনই শিশু। এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
স্থানীয় সময় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা ও রাফাহ অঞ্চল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য এবং সামগ্রিকভাবে নারী, শিশু ও বৃদ্ধদের মৃত্যু হার ইতোমধ্যে মোট প্রাণহানির ৭০ শতাংশ ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতভর গাজা জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরো অন্তত ৯৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।
গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন বৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তারা সীমিত রকেট হামলার মাধ্যমে জবাব দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলের এই সর্বশেষ আক্রমণে নিহতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA-এর পাঁচজন কর্মী রয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ফিলিপ লাজ্জারিনি। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় UNRWA-এর ২৮৪ জন কর্মী নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, এক শোকাহত বাবা তার দুই-তিন বছরের সন্তানের মরদেহ কোলে নিয়ে বিলাপ করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সে ছিল আমার একমাত্র ছেলে। বন্ধুদের সঙ্গে খেলছিল, হঠাৎই…’ – বাক্য শেষ না করেই কেঁদে ওঠেন ওই ব্যক্তি।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় চলমান সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করেই ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

