যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কড়া বার্তা দিয়ে বলেছেন, “আমেরিকানদের জানা উচিত- ইরানকে হুমকি দিয়ে কিছুই অর্জন করা যাবে না। যদি তারা হুমকি বাস্তবায়ন করে, তাহলে তাদের মুখে কড়া থাপ্পড় পড়বে।”
শুক্রবার (২১ মার্চ) তেহরানের ইমাম খোমেনি কমপ্লেক্সে সাধারণ মানুষের উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
খামেনি বলেন, আমাদের জাতিকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে যারা পথ থেকে সরাতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। ইরানিরা ইসলামী শিক্ষায় দৃঢ়ভাবে বিশ্বাসী, কোনো ধরনের মনস্তাত্ত্বিক কৌশলে তারা বিভ্রান্ত হবে না।
ইরানকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। চুক্তিতে অগ্রগতি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক আগ্রাসনের হুমকিও দিয়েছেন তিনি।
চিঠিটি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মাধ্যমে তেহরানে পৌঁছে দেওয়া হয়। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ চিঠিটি আবুধাবিতে এমবিজেডের হাতে তুলে দেন। পরবর্তীতে আমিরাতের বিশেষ দূত আনোয়ার গারগাশ তেহরানে গিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে এটি হস্তান্তর করেন।
সূত্রগুলো জানায়, চিঠির ভাষা ছিল স্পষ্ট ও কঠোর। একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে হুঁশিয়ারি—চুক্তি না হলে “ভয়াবহ পরিণতি” ভোগ করতে হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরান ইতিমধ্যে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম, যা ছয়টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।
তবে তেহরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই।
এই প্রেক্ষাপটে খামেনির হুঁশিয়ারি নতুন করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

