যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনের বেশি সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। লন্ডনের কাছাকাছি একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়, আটকা পড়েন হাজার হাজার যাত্রী।
হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দর আংশিকভাবে খোলা হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করা হবে। এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে বলা হয়, আগামী ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সীমিত কার্যক্রম অব্যাহত থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে।
হিথ্রোতে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইট ওঠানামা করে। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার অন্তত ১ হাজার ৩৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সরকারি পর্যায়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় হিথ্রোর কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করছেন। উপকেন্দ্র এলাকার আকাশে লেলিহান আগুন ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দৃশ্যমান ছিল।
অন্যদিকে, কিছু ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্লাইটরাডার২৪। এ পরিস্থিতিতে যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে, অনেকে বিমানবন্দরে অবস্থান করেই রাত কাটিয়েছেন।
উল্লেখ্য, গত বছর রেকর্ড ৮ কোটি ৩৯ লাখ যাত্রী হিথ্রো বিমানবন্দর ব্যবহার করেছেন। শুক্রবারের অঘটনকে সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটির অন্যতম বড় প্রযুক্তিগত বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

