ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সেনাদের গাজার আরো গভীরে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত নতুন করে আরো জমি দখলের হুমকি দিয়েছে।
শুক্রবার (২১ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এমনটাই তথ্য জানা যায়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের পশ্চিমাঞ্চলের তিনটি আবাসিক এলাকায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করে স্থানত্যাগের আহ্বান জানানো হয়েছে।
এই ঘোষণার আগেই উত্তর গাজা থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করার দাবি করে ইসরায়েল। ওই রকেট হামলার পরপরই উপকূলীয় শহর আশকেলনে সাইরেন বাজতে শুরু করে, সৃষ্টি হয় আতঙ্ক।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী একটি করিডোরের অংশ পুনর্দখলের পর বৃহস্পতিবার উত্তরের বেইত লাহিয়া এবং দক্ষিণের রাফাহ শহরের দিকে অগ্রসর হয়েছে। ইতিমধ্যে গাজা শহরসহ উত্তর গাজা এলাকায় পুনরায় অবরোধ জারি করা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার বলেন, যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দিচ্ছে, ততক্ষণ ইসরায়েল গাজায় অভিযান চালাবে এবং এর তীব্রতা ধীরে ধীরে বাড়ানো হবে।
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি সেনাবাহিনীকে গাজার আরো এলাকা দখলের নির্দেশ দিয়েছি। হামাস যত জিম্মি মুক্তিতে গড়িমসি করবে, তত বেশি জমি তারা হারাবে, আর সেই এলাকা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে।
একইসঙ্গে কাটজ গাজার চারপাশে একটি বাফার জোন সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান, যা ভবিষ্যতে ওই অঞ্চলে স্থায়ীভাবে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।
বিশ্লেষকরা বলছেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলের এ আগ্রাসন পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

