যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো আদালতের বিরুদ্ধে তীব্র বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বিচারকদের আচরণকে ‘উগ্র ও পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেন এবং সুপ্রিম কোর্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য। কিন্তু যতক্ষণ না বিচারকদের এই বিপজ্জনক আচরণ বন্ধ হয়, ততক্ষণ তা সম্ভব নয়।
তিনি আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সুপ্রিম কোর্ট এই পরিস্থিতির দ্রুত সমাধান না করে, তাহলে দেশ ভয়াবহ সমস্যায় পড়বে।
বিতাড়ন বিতর্ক ও আদালতের নির্দেশ উপেক্ষা-
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন তার প্রশাসন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার কয়েক শ গ্যাং সদস্যকে এল সালভাদরে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিচারক জেমস বোসবার্গ জানান, গত শনিবার তিনি ১৭৯৮ সালের এলিয়েন এনিমিস অ্যাক্টের প্রয়োগ ১৪ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিলেও সেই দিনই তিনটি ফ্লাইটে ২৩৮ জন ট্রেন ডি আরাগুয়া গ্যাং সদস্য ও এমএস-১৩ গোষ্ঠীর ২৩ সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ফেলা হয়।
এই বিতাড়নের বিষয়টি আদালতের নজরে আনেন আইসিইর এক কর্মকর্তা। তার দাবি, ফ্লাইটগুলো রওনা হয়েছিল ট্রাম্পের নির্দেশ ওয়েবসাইটে প্রকাশের পর, কিন্তু বিচারকের লিখিত আদেশ আসার আগেই। এই যুক্তি দেখিয়ে বিচার বিভাগের আইনজীবীরা বলেন, আদেশ লঙ্ঘন হয়নি।
তবে বিচারক বোসবার্গ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘‘সরকার নিজেদের বাধ্যবাধকতা এড়াতে চাইছে এবং বিষয়টিকে ‘রাষ্ট্রীয় গোপনীয়তা’র আড়ালে ঢাকার চেষ্টা করছে।’’ তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, আইসিইর আঞ্চলিক অফিসের এ ধরনের বিষয় ব্যাখ্যা করার এখতিয়ার নেই এবং মন্ত্রিপরিষদ পর্যায়ের কর্মকর্তাদের জবাব দিতে হবে।
‘বিচারকের অভিশংসন’ প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য-
ট্রাম্প আদালতের নির্দেশনা নিয়ে সরাসরি কারও নাম না করলেও- সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বিচারক বোসবার্গকে ‘উত্তেজনা সৃষ্টিকারী ব্যক্তি’ বলে উল্লেখ করেন। তার এই মন্তব্যের জেরে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে রবার্টস বলেন, দুই শতাব্দীরও বেশি সময় ধরে আমাদের বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নিয়ম হলো- বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্ব হলে সমাধান হয় আপিলের মাধ্যমে, অভিশংসনের মাধ্যমে নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ও আদালতের আদেশ উপেক্ষার ঘটনায় যুক্তরাষ্ট্র নতুন এক সাংবিধানিক সংকটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিচারক বোসবার্গ ইতিমধ্যে আগামী মঙ্গলবারের মধ্যে সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন।
একইসঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে লিখিতভাবে জানাতে হবে কীভাবে আদালতের আদেশ লঙ্ঘন হয়নি। বিষয়টির নিষ্পত্তি না হলে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

