আগামী মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বৈঠক নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছায়নি দিল্লি। শুক্রবার (২১ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি নিয়ে আপাতত নতুন করে জানানোর মতো কিছু নেই।
ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘যে দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানতে চাওয়া হয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে আমার কাছে বলার মতো কোনো আপডেট নেই।’
এর আগে একই দিন সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠক আয়োজনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। তবে সে প্রস্তাব বাস্তবায়ন হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি ভারত।
দিল্লির সরকারি সূত্রগুলো বলছে, ঢাকা থেকে আসা প্রস্তাবের প্রেক্ষিতে ভারতের নীতিনির্ধারকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষত: বিগত সরকারের পতনের পর ভারতে ইউনূসের অবস্থান নিয়ে সংশয় ও দ্বিধা থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, আট মাস আগে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের পর ইউনূস-মোদি বৈঠকের কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়ও একই ধরনের একটি বৈঠকের চেষ্টা করেছিল ঢাকা। সেবারও তা আলোর মুখ দেখেনি।
ফলে আসন্ন বিমসটেক সম্মেলনকে কেন্দ্র করে উভয়পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার সম্ভাবনা থাকলেও- ভারতের অনীহা এবং কৌশলগত হিসাব-নিকাশে এ বিষয়ে এখনও ধোঁয়াশা কাটছে না।

