২০২৪ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ৮ হাজার ৯৩৮ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার এই তথ্য জানিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করেছে যে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক মৃত্যুই নথিভুক্ত হয় না বা নিখোঁজ ব্যক্তিদের খোঁজ পাওয়া যায় না।
আইওএম-এর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া ছিল সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। এখানে ২ হাজার ৭৮৮ জন অভিবাসী মারা গেছেন। দ্বিতীয় অবস্থানে ছিল ভূমধ্যসাগর। সেখানে ২ হাজার ৪৫২ জন প্রাণ হারিয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকা। এখানে ২ হাজার ২৪২ জন অভিবাসী মারা যান।
আরও কিছু অঞ্চলে মৃত্যু ঘটেছে। ক্যারিবীয় অঞ্চলে ৩৪১ জন, ইউরোপে ২৩৩ জন এবং কলম্বিয়া ও পানামার মধ্যে দারিয়েন গিরিখাতে ১৭৪ জন মারা গেছেন।
আইওএম-এর মিসিং মাইগ্রেন্টস প্রকল্পের সমন্বয়ক জুলিয়া ব্ল্যাক বলেছেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক মৃত্যুর খবর এখনও নথিভুক্ত হয়নি বা অজানাই থেকে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থসহায়তা সংকটের কারণে আইওএম তাদের গুরুত্বপূর্ণ ‘জীবন রক্ষাকারী’ অনেক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে লাখো অভিবাসী নতুন সংকটে পড়বেন। বিশেষজ্ঞরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট মোকাবিলায় মানবিক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

