লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তিনটি রকেট প্রতিহত করেছে এবং বাকি দুটি রকেট লেবাননের ভূখণ্ডেই পড়েছে। আর্মি রেডিও এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে নিক্ষেপ করা পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে।
এদিকে, আল জাজিরার প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে। তবে এসব হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এই হামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এছাড়া, ইসরায়েলি ভূখণ্ডে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জানিয়েছেন, ইরান-সমর্থিত গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

