ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি না মানলে গাজার আরও অংশ দখলের হুমকি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, হামাস যদি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি চুক্তিতে অটল না থাকে, তাহলে গাজার একাংশ এখনই দখলে নেওয়া হবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, হামাস যত দেরি করবে, ততই গাজার ভূখণ্ড তাদের হাতছাড়া হবে। ইতোমধ্যে গাজার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে প্রাণহানির সংখ্যা প্রায় ৬০০-তে পৌঁছেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা।
এদিকে, ইসরায়েলের অভ্যন্তরেও উত্তেজনা বাড়ছে। গোয়েন্দাপ্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আদালতের নিষেধাজ্ঞায় তা এখন স্থগিত। এই ইস্যুতে নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে এবং গাজায় ইসরায়েলি সামরিক উপস্থিতি আরো জোরদার হতে পারে। আন্তর্জাতিক মহলও উদ্বেগ জানিয়ে বলছে, নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে মানবিক সংকট ভয়াবহ আকার নিতে পারে।

