যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের ওপর চাপ বাড়াচ্ছেন- এমন ইঙ্গিত মিলছে সম্প্রতি নেওয়া এক বিতর্কিত সিদ্ধান্তে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেছেন তিনি।
শুক্রবার (স্থানীয় সময়) রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোতে পাঠানো এক মেমোর মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে জানিয়েছে সিএনএন। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এ তালিকায় আরো রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, রিপাবলিকান নেত্রী লিজ চেনি, বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভ্যান, রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল এবং নিরাপত্তা সংক্রান্ত আইনজীবী মার্ক জাইদ।
নিরাপত্তা ছাড়পত্র বাতিলের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এসব ব্যক্তিদের আর রাষ্ট্রীয় গোপন তথ্য জানার কোনো যৌক্তিক প্রয়োজন নেই। এটি এখন আর জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
এর আগে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনেরও নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনই প্রথম সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ছাড়পত্র প্রত্যাহার করেছিলেন। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তকে অনেকে ওই ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবেই দেখছেন।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ মার্কিন রাজনীতিতে চলমান রিপাবলিকান-ডেমোক্র্যাট দ্বন্দ্বকে আরও তীব্র করবে। বিশেষ করে যখন আসন্ন নির্বাচন ঘিরে উভয় দলই নিজেদের অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে।
সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এই ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত তৎক্ষণাত কার্যকর হবে কিনা এবং এর আইনি বা কূটনৈতিক পরিণতি কী হতে পারে। তবে ট্রাম্পের এমন পদক্ষেপ স্পষ্ট করছে যে, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণাত্মক কৌশল থেকে তিনি সরে আসছেন না।

