চলমান উত্তেজনার মধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক। শনিবার কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের গণমাধ্যম আরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উচ্চপর্যায়ের সংলাপ চালিয়ে যাওয়া এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক বলেন, আফগানিস্তানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখা এবং পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়া পাকিস্তানের অঙ্গীকার।
আফগান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি বাণিজ্য ও ট্রানজিট সংক্রান্ত বাধার বিষয়ে কথা বলেন। তিনি জানান, এসব বাধা দুই দেশের জন্যই ক্ষতিকর। অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। এছাড়া আফগান শরণার্থীদের সম্মানজনক ও ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়টিও আলোচনায় আসে।
রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক আফগানিস্তানের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এটি শুধু পাকিস্তান নয়, গোটা অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। আফগান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আফগান গণমাধ্যমও এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া, পাকিস্তানের বিশেষ প্রতিনিধি আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজির সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ও ট্রানজিট সুবিধা নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে একমত হন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক জানান, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। এই সফর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের নির্দেশে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুনির আকরাম বিশ্ব সম্প্রদায়কে আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিষয়ে সতর্ক করেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, আফগান অন্তর্বর্তীকালীন সরকার দেশটিতে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তিনি বিশেষভাবে আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) উপস্থিতির কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আফগানিস্তানে প্রায় ৬০০০ টিটিপি জঙ্গি অবস্থান করছে। তারা পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে হামলা চালাচ্ছে এবং সেখানে নিরাপদ আশ্রয় পাচ্ছে।

