তুরস্কের বিমান শিল্পে একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে কিজিলেলমার এএইএসএ রাডার। এই রাডারটি বায়রাক্তার কিজিলেলমা নামে তুরস্কের একটি উন্নত মানববিহীন যুদ্ধবিমান (ইউসিএভি) এর জন্য তৈরি করা হয়েছে। এটি তুরস্কের সামরিক প্রযুক্তির নতুন শক্তি হয়ে উঠবে।
২০২১ সালে বায়কার কিজিলেলমা প্রকল্প শুরু করে। এটি সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে পরিচালিত হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর প্রথম উৎপাদন হয়। এরপর বিমানটি তুরস্কের চোরলু জেলার আকিনজি ফ্লাইট প্রশিক্ষণ ও পরীক্ষাকেন্দ্রে স্থানান্তরিত হয়। খুব কম সময়ের মধ্যে এটি ভূমি পরীক্ষা সম্পন্ন করে। ২০২২ সালের ১৪ ডিসেম্বর প্রথম আকাশে উড়াল দেয় কিজিলেলমা।
বায়কার তার সব প্রকল্প বেসরকারি অর্থায়নে পরিচালনা করে। তারপরও তুরস্কের প্রতিরক্ষা শিল্পে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০০৩ সালে মানববিহীন আকাশযান গবেষণা শুরু হয়। এর পর থেকে কোম্পানির ৮৩ শতাংশ আয় এসেছে রপ্তানি থেকে। ২০২৩ সালে বায়কার ১.৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জন করে। ফলে এটি তুরস্কের শীর্ষ দশ রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে স্থান পায়। ২০২৪ সালে, বায়কার বিশ্বব্যাপী বৃহত্তম মানববিহীন আকাশযান রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে তার সাফল্য ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি ৯০ শতাংশ রাজস্ব আন্তর্জাতিক বাজার থেকে অর্জন করেছে। এখন পর্যন্ত, বায়কার ৩৪টি দেশের সঙ্গে টিবি দুই এবং ১১টি দেশের সঙ্গে আকিনজি রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে।
কিজিলেলমার এএইএসএ রাডার একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা। এটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দিকে সিগন্যাল পাঠাতে সক্ষম। এর ফলে এটি তথ্য সংগ্রহ, ট্র্যাকিং, লক্ষ্য নির্ধারণ এবং জ্যামিং প্রতিরোধে কার্যকরী হয়। কিজিলেলমার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ রাডারটি বিমানটির পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে এবং তা দ্রুতগতির লক্ষ্যবস্তুকে শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম হবে।
এএইএসএ রাডার কিজিলেলমাকে আরও শক্তিশালী করবে। এটি শত্রুপক্ষের রাডার এবং যুদ্ধবিমানের অবস্থান নির্ণয়ে সাহায্য করবে। এছাড়া এটি বিমানটিকে জটিল অভিযানে সফলভাবে অংশগ্রহণের সুযোগ দেবে। রাডারটি শত্রু ইলেকট্রনিক জ্যামিং প্রতিহত করে নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করবে।
বায়রাক্তার কিজিলেলমা তুরস্কের প্রথম স্টেলথ ইউসিএভি। এটি এএইএসএ রাডারের মাধ্যমে আরও উন্নত যুদ্ধ সক্ষমতা অর্জন করবে। এর ফলে তুরস্কের সামরিক প্রযুক্তি বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হবে। কিজিলেলমা যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালাতে সক্ষম। এটি তুরস্কের বিমান শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

