তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ এবং ইস্তান্বুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এ আন্দোলনে প্রেসিডেন্ট এরদোগানের পদত্যাগের দাবি উঠেছে।
গত বুধবার তুর্কি পুলিশ ইমামোলুকে এবং আরও কিছু বিরোধী দলের নেতাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ইমামোলুর গ্রেফতারের পর তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে রাজধানী ইস্তান্বুলে বিক্ষোভ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
এ আন্দোলনকে ২০১৩ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ২০১৩ সালের আন্দোলনে অন্তত আটজন নিহত হয়েছিলেন।
বিক্ষোভের পর প্রশাসন কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে। ইস্তান্বুলসহ কিছু শহরে পাঁচ দিনের জন্য জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইস্তান্বুলে বিক্ষোভ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ওপর পেপার স্প্রে, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। আঙ্কারা ও ইজমির শহরেও পুলিশের বলপ্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে এগোতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
তবে প্রশাসনের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা এরদোগানকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করছেন। অনেকেই দাবি করছেন, প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরে দাঁড়াতে হবে।
বিবিসি জানায়, শুক্রবার একদিনেই ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রধান প্রতিপক্ষ। কিছু জরিপে ইমামোলু এরদোগানকে ছাড়িয়ে গেছেন। তার দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি), ইমামোলুর গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছে। তারা সমর্থকদের আইনগতভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।

