রাশিয়ার সুধঝা এলাকায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মস্কো ও কিয়েভের মধ্যে। শুক্রবারের এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে দুই দেশ। এমন এক সময় এই হামলা ঘটলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। সূত্র: রয়টার্স
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত রুশ ভূখণ্ডের সুধঝা গ্যাস স্টেশনে দাউদাউ করে আগুন জ্বলছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেনীয় বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং গ্যাস স্টেশনটি উড়িয়ে দিয়েছে। রাশিয়ার দাবি, গত বছর ইউক্রেনীয় সেনারা ওই এলাকা দখলে নিয়েছিল।
তবে ইউক্রেন বলছে, এই বিস্ফোরণের জন্য রাশিয়াই দায়ী। কিয়েভের মতে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়ে ইউক্রেনকে অভিযুক্ত করছে, যাতে যুদ্ধকে আবারো উস্কে দেওয়া যায়। ইউক্রেন আরো জানায়, সুধঝার আশপাশের এলাকা সম্প্রতি আবার নিজেদের নিয়ন্ত্রণে নেয় রুশ সেনারা।
বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলা যুদ্ধবিরতির পথে নতুন বাধা তৈরি করতে পারে।

