গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে হামাসের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সূত্র: বিবিসি
ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক অনুসারে দেখা যায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি তাঁবুতে অবস্থানকালে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন বারদাওয়িল। এসময় তার স্ত্রীও হামলায় প্রাণ হারান।
স্থানীয় বাসিন্দারাও বারদাওয়িল ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে, গত মঙ্গলবার থেকে গাজায় নতুন করে আক্রমণ শুরু করেছে ইসরায়েল। তারা জানায়, হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হচ্ছে। এর পূর্বে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলার জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল।
তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটি পাল্টা অভিযোগ করে বলেছে, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল নিজেই।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

