গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরো ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরো ৭ জনের। দুই ফ্রন্টে একযোগে চালানো এ হামলায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। সূত্র: আল জাজিরা
গাজার স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী গাজা সিটি, রাফা ও খান ইউনিসে একাধিক স্থানে হামলা চালায়। এতে পাঁচ শিশুসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত রকেট হামলার জবাবে ইসরায়েল বোমাবর্ষণ করে। এতে টায়ার ও তুলিন এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় সাতজন নিহত হন। আহত হন আরো ৪০ জন।
হিজবুল্লাহ দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা ইসরায়েলি শহর মেটুলায় রকেট হামলার সঙ্গে জড়িত নয়। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলা চার মাস আগে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলেছে।
এদিকে, ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে, হোদেরা এবং লোহিত সাগরের উপকূলীয় আল সালিফ বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। হোদেরা বিমানবন্দরে চালানো তিনটি হামলার পাশাপাশি বন্দরে আরো একটি হামলা চালানো হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র।
মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

