ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন ‘বিবেচনাধীন’ রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (২২ মার্চ) ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির বৈঠকে এ মন্তব্য করেন জয়শঙ্কর। তাঁর এই বক্তব্যের বরাতে রোববার সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটাই প্রকাশ করা হয় বলে জানা যায়।
বৈঠকে জয়শঙ্কর বলেন, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে কমিটির সদস্যরা জানতে চান, মোদি ও ড. ইউনূসের মধ্যে বৈঠক হবে কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী কোনো স্পষ্টতা না দিয়ে বলেন, ‘বিষয়টি বিবেচনার আওতায় রয়েছে।’
এর আগে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের (২১ মার্চ) এক প্রতিবেদনে দেখা যায়, ভারতের তিনটি সরকারি সূত্র বৈঠকটির সম্ভাবনা ‘খুবই কম’ বলে উল্লেখ করেছে। অর্থাৎ বৈঠকটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই ধারণা করা হচ্ছিল।
তবে বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে এ বৈঠকের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ মার্চ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকটি অনুষ্ঠিত হলে, এটি হবে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের প্রথম মুখোমুখি বৈঠক এবং প্রথমবারের মতো একই বহুপাক্ষিক আন্তর্জাতিক সম্মেলনে তাঁদের অংশগ্রহণ।
উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত হচ্ছে বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা এবং রাজনৈতিক-অর্থনৈতিক বিষয়াদি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

