পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মসজিদে নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে চালানো জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। হামলাটি ঘটে শুক্রবার (২১ মার্চ) বিকেলে, নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী কোকোরো অঞ্চলের ফোম্বিতা গ্রামে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আসরের নামাজ চলাকালে ভারী অস্ত্রধারী জঙ্গিরা মসজিদ ঘিরে হামলা চালায়। রমজানের পবিত্র সময়টিতে মুসল্লিদের টার্গেট করে চালানো এ হামলাকে ‘বিরল নিষ্ঠুরতার নির্বিচার হত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়।
হামলা চালিয়ে যাওয়ার আগে জঙ্গিরা স্থানীয় একটি বাজার এবং আশপাশের বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে মোতায়েন সেনারা হতাহতের প্রাথমিক সংখ্যা নিশ্চিত করেছেন।
নৃশংস এ হামলার পর নাইজার সরকার দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
উল্লেখ্য, সাহেল অঞ্চলে জঙ্গি তৎপরতা নতুন নয়। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহের সময় জঙ্গিরা বড় অংশ দখলে নেয়। এরপর ধীরে ধীরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে নাইজার, বুরকিনা ফাসো, এমনকি সাম্প্রতিক সময়ে টোগো ও ঘানার উত্তরাঞ্চল পর্যন্ত।
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বারবার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে আসছে নাইজার সরকার।

