গাজা ও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা এবং যুদ্ধ পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (২৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলে মার্কিন দূতাবাস নাগরিকদের চলমান নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে। এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। এর প্রতিক্রিয়ায় হামাস গোষ্ঠী ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালায়। একইসঙ্গে, দক্ষিণ লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে একাধিক রকেট।
মার্কিন দূতাবাস জানিয়েছে, রকেট হামলা ও বড় আকারের বিক্ষোভের আশঙ্কা থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লে দেশটির বিভিন্ন শহরে একাধিকবার রকেট সাইরেন ও রেড অ্যালার্ট জারি করা হয়। একই সময়ে গাজা থেকেও ছোড়া হয় রকেট, যার মধ্যে একটি প্রতিহত এবং দুটি জনবসতিহীন এলাকায় আঘাত হানে বলে দাবি করে ইসরায়েল।
এদিকে শনিবার, লেবানন থেকে চালানো রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টার ধ্বংস করা হয় বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করলো ওয়াশিংটন।

