বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ ও বিক্ষোভ সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সে সময় পরিস্থিতিতে হস্তক্ষেপ করার মতো ‘প্রয়োজনীয় প্রভাব’ ভারতের ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ মার্চ) নয়াদিল্লিতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির এক বৈঠকে এ মন্তব্য করেন জয়শঙ্কর। সূত্র: দ্য হিন্দু
বৈঠকে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারত সচেতন ছিল। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করাই নীতিগতভাবে সঠিক বিবেচনা করে ভারত।
এ সময় তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের একটি আলোচিত সাক্ষাৎকারের প্রসঙ্গ টানেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের জনপ্রিয় অনুষ্ঠান হার্ডটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক দাবি করেছিলেন, বাংলাদেশের নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেন সেনাবাহিনী না যায়, সে বিষয়ে জাতিসংঘ সতর্কতা দিয়েছিল। এমনকি, মানবাধিকার লঙ্ঘনের পথে গেলে বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।


