তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী, ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এমন সময়ে গ্রেপ্তার হয়েছেন, যখন তার দলীয় মনোনয়ন পাওয়ার কথা ছিল।
রবিবার (২৩ মার্চ), গ্রেপ্তার হওয়ার পাঁচ দিন পর তুরস্কের একটি আদালত তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে দুর্নীতি ও একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আটক করা হয়। তার গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
ইমামোগলুকে এরদোগানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেওয়া, ঘুষ নেওয়া ও অসদাচরণসহ নানা অভিযোগ আনা হয়েছে। গত বছরের স্থানীয় নির্বাচনের আগে তিনি বামপন্থি একটি জোটকে সহায়তা করেছিলেন, এমন অভিযোগও রয়েছে।
ইস্তানবুলের এই মেয়রসহ আরও চারজনের বিরুদ্ধে আলাদা মামলা করা হয়েছে। তবে ইমামোগলু তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদ চলাকালে তিনি বলেন, “আমাকে আটকের কারণে শুধু তুরস্কের ভাবমর্যাদা নয়, দেশের অর্থনীতি ও বিচার ব্যবস্থার ওপরও জনগণের আস্থা নষ্ট হবে।”
তার মুখপাত্র মুরাত অনগুন এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, “গণতন্ত্রের সুরক্ষাকারী ও জনগণের ক্ষমতায় বিশ্বাসী হিসেবে আমি মনে করি, সত্যের জয় হবে।”
এদিকে, এরদোগানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের কারণে এখন পর্যন্ত ৩৪৩ জনকে আটক করা হয়েছে।
ইমামোগলু ধর্মনিরপেক্ষ দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। তাকে ছাড়াও শতাধিক রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি তুরস্কের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এরদোগান বিরোধীদের দমন করতে অনেক সময়ই কঠোর পদক্ষেপ নেন। তবে ইমামোগলুর গ্রেপ্তার তুরস্কের রাজনীতিতে নতুন এক দিক দেখাতে পারে।

