কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রবিবার গভর্নর জেনারেলের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়ে তিনি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। সূত্র: আল জাজিরা
মাত্র দুই সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া কার্নি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেওয়ার পরপরই এমন রাজনৈতিক সিদ্ধান্ত কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গভর্নর জেনারেলের সঙ্গে বৈঠকের পর কার্নি সাংবাদিকদের বলেন, “আমরা এক ভয়াবহ সংকটের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি এবং আমাদের সার্বভৌমত্বে হুমকি সেই সংকটের মূল উৎস।”
তিনি আরো বলেন, “এই সংকটে আমি কানাডার জনগণের কাছ থেকে একটি শক্তিশালী ও ইতিবাচক ম্যান্ডেট চাইছি, যাতে আমরা যুক্তরাষ্ট্রের অন্যায় চাপ মোকাবেলা করতে পারি এবং এমন একটি অর্থনীতি গড়ে তুলতে পারি যা সব কানাডীয় নাগরিকের জন্য কাজ করবে।”
সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০ অক্টোবরের মধ্যে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্নি ও তার দল লিবারেল পার্টি সাম্প্রতিক জনসমর্থনের জোয়ারে থেকেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেল পার্টির জনপ্রিয়তা জাস্টিন ট্রুডোর জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকেই বাড়তে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থানের মাঝেও কানাডার রাজনৈতিক আঙিনায় লিবারেলদের গ্রহণযোগ্যতা বাড়ছে বলেই বিশ্লেষকদের মত।

