পাঁচ সপ্তাহের মধ্যে দুটি গুরুতর স্বাস্থ্য সংকট পার করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পোপ ফ্রান্সিস। গত ১৪ ফেব্রুয়ারি ভর্তি হওয়ার পর এই প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দেন ৮৮ বছর বয়সী ক্যাথলিক প্রধান। এরপরই চিকিৎসকদের ছাড়পত্রে ফিরে যান ভ্যাটিকানে। সূত্র: বিবিসি
চিকিৎসকদের বরাতে জানা গেছে, এখনও পুরোপুরি সুস্থ না হলেও পোপের অবস্থা বর্তমানে স্থিতিশীল। নিউমোনিয়ার ঝুঁকি কেটে গেছে। তবে তাকে অন্তত দুই মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
পোপের সাম্প্রতিক শারীরিক অবস্থা নিয়ে ভ্যাটিকানসহ বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তার জীবন এক পর্যায়ে মারাত্মক হুমকির মুখে পড়েছিল। তবে বর্তমান উন্নতির দিকে থাকায় ধীরে ধীরে দায়িত্বে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিশ্বব্যাপী ক্যাথলিক অনুসারীদের কাছে পোপের আরোগ্যের খবর স্বস্তির বার্তা হিসেবে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, ভ্যাটিকানের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে তার শারীরিক পুনরুদ্ধারের গতির ওপর।

