অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরো ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। সোমবার ভোররাতে গাজার বিভিন্ন এলাকায় চালানো বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি তাঁবুতে হামলায় নিহত হন ছয়জন, মাইন এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় মারা যান চারজন। এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি আক্রমণে প্রাণ হারান দুই নারী।
এদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ২১ জন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৭৪।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত আক্রমণে প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর, হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ১৮ মার্চ থেকে আবারো গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

