ভারত-পাকিস্তান সীমান্তঘেঁষা জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সান্যাল গ্রামের কাছে এই বন্দুকযুদ্ধ হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরের একটি নার্সারিতে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবরে সেখানে অভিযান চালায় ভারতের স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযানের সময় হঠাৎ করেই প্রচণ্ড গোলাগুলি শুরু হয়।
জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার জানান, “ঘণ্টাব্যাপী প্রায় ২৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর খবর অনুসারে দেখা যায়, জঙ্গলের ভেতর ঢেউ খেলানো ভূপ্রকৃতি ও ঘন সবুজের আড়ালে পালিয়ে যায় বিচ্ছিন্নতাবাদীরা। এই ঘটনায় এখনও কারও নিহত বা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে এক কিশোরী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বন্দুকযুদ্ধের সময় বেসামরিক লোকজনকে জিম্মি করার চেষ্টার অভিযোগও উঠে এসেছে, যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং চিরুনি অভিযান শুরু হয়।
জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, “অভিযানে নেতৃত্বদানকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন লুকিয়ে থাকা সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়।”
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং সশস্ত্র সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় বাহিনী।

