ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ কাজা ক্যালাস।
গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরুর আগে মিসরে যাত্রাবিরতির সময় তিনি এ মন্তব্য করেন।
রোববার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে কাজা ক্যালাস বলেন, “গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি পরবর্তী আলোচনা স্থগিত হওয়ার পর ইসরায়েল গাজায় তীব্র বিমান হামলা চালায়, যা পরবর্তীতে স্থল অভিযানে রূপ নেয়। এই বর্বর হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। আমরা ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করি এবং এই হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানাই।”
তিনি আরো বলেন, “ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে বলছে- হামাসকে সকল জিম্মিকে মুক্তি দিতে হবে এবং ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে। শুধু তাই নয়, আলোচনা পুনরায় শুরু করাও জরুরি।”
কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন কাজা ক্যালাস। তার পরবর্তী গন্তব্য ছিল ইসরায়েল, যেখানে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ও বিরোধী নেতা ইয়ার লাপিদের সাথে আলোচনা করবেন।
এছাড়া, ক্যালাস তার সফরের সময় গাজা এবং পুরো অঞ্চলে মানবিক সহায়তার প্রবাহ অব্যাহত রাখতে এবং সুষ্ঠু বিতরণের উপর গুরুত্বারোপ করবেন। তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করবেন না, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ক্যালাসের কার্যালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সাথে আলোচনা করবেন।

